পঞ্চগড় প্রতিনিধি: ঠাকুরগাঁও চিনিকলের ২০২৫-২৬ রোপণ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পঞ্চগড় সাবজোনের মাড়েয়া ইক্ষু কেন্দ্রের জংলীপীর গ্রামের আখচাষী মজনু মিঞার জমিতে এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় তার ১ একর জমিতে আখ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপক মো. হাসানুজ্জামান, সাবজোন প্রধান খন্দকার খালেদ মোশাররফ, ইক্ষু উন্নয়ন সহকারী আখতার আলম প্রধান ও হরিশ চন্দ্র রায়।
এছাড়াও স্থানীয় আখচাষী আজির উদ্দিন, মজনু মিঞা, ইউনুস আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।মিল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬ হাজার ৫০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, পঞ্চগড় চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জেলার বিভিন্ন অঞ্চলে আখ চাষের কার্যক্রম পরিচালনা করছে ঠাকুরগাঁও চিনিকল কর্তৃপক্ষ।
