ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এতো দিন ধরে এই দেশকে নিজের সম্পত্তির মতো ব্যবহার করেছিল। তাই তারা এ দেশ থেকে ছাত্র আন্দোলনের তোপে মামুর বাড়ি পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি আরো একটি দল বাংলাদেশকে নিজের পৈত্রিক সম্পত্তি মনে করছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের একটি বিষয় নিয়ে বারবার গালি দেওয়া হয়—আমরা নাকি রাজাকারের দল। যারা এ কথা বলেন, তাদের উদ্দেশে বলতে চাই, বিগত সরকারের আমলে যখন বাংলাদেশে রাজাকারের তালিকা করা হয়, তখন সেই তালিকার শীর্ষে ছিল আওয়ামী লীগ, দ্বিতীয় অবস্থানে বিএনপি এবং তৃতীয় অবস্থানে জাতীয় পার্টি। তাই এই তিনটি দলকে বাদ দিয়ে রাজাকার শব্দটি বলার কোন সুযোগ নেই।
দেলাওয়ার হোসেন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিতভাবে এগোতে পারিনি। স্বাধীনতা অর্জনের পরও দেশ এগিয়ে না যাওয়ার মূল কারণ দুর্নীতি। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকেও সোভিয়েত ইউনিয়ন এগিয়ে গিয়েছিল, কিন্তু আমরা পারিনি। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় যেতে পারি, তবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো—এই অঙ্গীকার করছি।
এর আগে বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা হয়ে পুনরায় বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে শেষ হয়।
র্যালিতে দলটির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে অংশ নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
