ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণামূলক সব ব্যানার-ফেস্টুন অপসারণে উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
প্রার্থীর নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন সরানোর কাজ শুরু করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকেই পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বরসহ বিভিন্ন এলাকায় দলীয় প্রচারণামূলক সামগ্রী অপসারণ কার্যক্রমে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও ১ আসনের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। আমরা নির্বাচনী তফসিলকে স্বাগত জানাই। আমরা আশা করছি সারা দেশের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তাই নির্বাচনী আচরণবিধিকে সম্মান জানিয়ে ৪৮ ঘণ্টার নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দলীয় সকল ব্যানার ফেস্টুন সরিয়ে নিব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাকসু) নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র রায় সহ অন্যান্যরা।
তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগ নেওয়াকে স্থানীয়রা দায়িত্বশীলতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।
