ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যাকেট থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

সোহেল তানভীর, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় চা পাতার প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৩, সিপিসি-১।

এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় আগমনী স্পোর্টিং ক্লাবের সামনে অভিযান পরিচালনা করে র‌্যাব।

এ সময় একটি ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকের পিছনের সিটের সামনে ফাঁকা স্থানে রাখা চা পাতার প্যাকেটের মধ্যে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-১ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন তাউহিদ ইসলাম রতন (৩০)। তিনি ঠাকুরগাঁও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছিটচিলারং এলাকার বাসিন্দা এবং মিলন ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।