ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ফ্যাসিস্ট ও ভূমিদস্যু মজিবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশের অভিযোগে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারবর্গ।
রোববার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে গড়েয়া ইউনিয়নের ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল মজিদ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সংবাদ সম্মেলনে মৃত আফালউদ্দিনের ছেলে মজিবর রহমান তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অভিযোগ উত্থাপন করেছেন।
সেখানে দাবি করা হয়, ভুক্তভোগী পরিবার নাকি তার মুদি দোকান, প্যাথলজি, হোটেল ভাঙচুরসহ জমি দখল এবং প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটপাট করেছে—যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, মজিবর রহমান একজন ভূমিদস্যু ও দখলবাজ। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করতেন। সে সময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে তারা ভুক্তভোগী পরিবারগুলোর ওপর বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গড়েয়া ইউনিয়নের ঘড়েয়া এলাকায় রাস্তার পাশে অবস্থিত একটি জমিতে তারা দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে আইনগতভাবে ভোগদখল করে আসছেন।
উক্ত জমির তফসিল অনুযায়ী- সিএস খতিয়ান: ৭৯০, এসএ খতিয়ান: ৮৬৭, খারিজ খতিয়ান: ২২৯৫, দাগ নম্বর: ৬৯৮৭ ও ৬৯৮৮, মোট জমির পরিমাণ: ২৪ শতক।
এ জমিতে তারা বৈধভাবে দোকানপাট ও মার্কেট স্থাপন করেছেন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন বক্তারা।
তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলে মজিবর রহমান একাধিকবার ওই জমি দখলের চেষ্টা করেন এবং বর্তমানেও তার দাপট কমেনি। দখলচেষ্টার অংশ হিসেবেই তিনি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারবর্গ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানান।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
