ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অভিনয়ভিত্তিক সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে বেসরকারি সংস্থা সার্ভিস ইমার্জেন্সি ফর রুরাল পিপল (সার্প)। পথনাট্যধর্মী এই উদ্যোগটি এলাকাবাসী ও পথচারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার কালিতলা এলাকায় “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি বের করা হয়।
র্যালিতে কয়েকটি দল অভিনয়ের মাধ্যমে সমাজে ঘটে যাওয়া মাদকাসক্তির ক্ষতি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যার বাস্তবচিত্র তুলে ধরে।

প্রায় এক ঘণ্টাব্যাপী র্যালির পর কালিতলা বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সার্প সংস্থার পরিচালক হিমাংশু চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লি
এছাড়াও বক্তব্য রাখেন সার্প-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মালেক সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা অফিসার শাহানাজ পারভীন এবং নীতি রাণী পাল।
বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে ডিজিটাল প্ল্যাটফর্মে হয়রানি বাড়ছে—এ কারণে শিশু-কিশোরদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও সতর্ক হতে হবে।
তারা আরও বলেন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও পারিবারিক সহিংসতা সমাজের শেকড়ে থাকা সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের পথ বের করতেই এই ধরনের অভিনয়ভিত্তিক সচেতনতা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউপি সদস্য শাহ আলম, সদর উপজেলার ছয়টি ইউনিয়নের মাতৃসেবা দলের সদস্যরা, সার্প সংস্থার সহকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নারী ও শিশুদের প্রতি নির্যাতন প্রতিরোধে নেদারল্যান্ডসের ‘কার্ক ইন অ্যাকশন’-এর সহযোগিতায় সার্প-এর ‘রীচ’ প্রকল্পটি ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ টি ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
