ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো একটি চালান থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ইয়াবাগুলো কয়েলের একটি বাক্সে করে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে ডিএনসি। সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বুকিং দেওয়া একটি কয়েলের বাক্স ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। চট্টগ্রাম থেকে আগত কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে মালামাল আনলোডের সময় সন্দেহজনক ওই বাক্সটি খুলে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ পরিবহনের একটি চালান থেকে আমরা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছি। কারা এ মাদক পাঠিয়েছে এবং প্রাপক কে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কুরিয়ার সার্ভিসের কেউ এতে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
