পঞ্চগড়ে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সাধারণ ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

রোববার (১১ জানুয়ারি) রাত ৯টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।

বিক্ষোভ চলাকালে বক্তারা পঞ্চগড়ে সাধারণ ছাত্রদের ওপর প্রশাসনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, হাদি নিহত হওয়ার আগে নিজ হত্যার বিচার দাবি করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আজ পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। উল্টো বিচার দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্রদের ওপর প্রশাসন হামলা চালিয়েছে।

বক্তারা প্রশ্ন তোলেন, কার নির্দেশে প্রশাসন সাধারণ ছাত্রদের ওপর হামলা চালিয়েছে—এর জবাব জনগণ জানতে চায়।

তারা আরও বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। প্রশাসন যদি এই হত্যার বিচার করতে ব্যর্থ হয়, তাহলে জনগণকেই এর দায়িত্ব নিতে হবে।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পঞ্চগড়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে সরকার টিকে থাকবে কি না—তার ব্যবস্থা করবে বিপ্লবী ছাত্র-জনতা।

বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত হয়।