হরিশ চন্দ্র রায়, পঞ্চগড় :শারদীয় দুর্গোৎসবের সূচনার দিন মহালয়ার পুণ্য তিথিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে লাখো ভক্ত-শুভার্থীর সমাগম ঘটে।
ভোর থেকেই মন্দিরের অদূরে করতোয়া নদীর তীরে জমায়েত হন পূণ্যার্থীরা। তারা পূর্ব পুরুষদের উদ্দেশ্যে করতোয়ার জলে অর্ঘ্য নিবেদন ও তর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে মন্দিরে এসে প্রার্থনা ও পূজার্চনা করেন। এ সময় মন্দির প্রাঙ্গণ ভক্তদের মঙ্গলধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মহালয়া উপলক্ষে আয়োজিত সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সভাপতি নীতিশ কুমার বকসী মুকুল।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন কুমার দাস, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ ।
বক্তারা বলেন, মহালয়া কেবল পূজা-পার্বণের সূচনা নয়, এটি মানবিক ও সামাজিক সম্প্রীতির প্রতীক। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহাবস্থান ও ঐক্য বজায় রেখে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উত্তরাঞ্চলের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা এই আয়োজন উপভোগ করেন এবং মন্দির প্রাঙ্গণে প্রার্থনা ও পূজা-অর্চনায় অংশ নেন।
