রাতেও উড়ছে ঠাকুরগাঁও নির্বাচন অফিসে জাতীয় পতাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ (সংশোধিত) অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা নামানোর নিয়ম থাকলেও, ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা গেছে।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, ১ সেপ্টেম্বর রাতে অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখতে পান তাঁরা। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অসচেতনতা ও বিধিমালা লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ বলে মনে করেন অনেকে।

জাতীয় পতাকা আমাদের গৌরব ও মর্যাদার প্রতীক। এর সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব। অথচ, নির্বাচন অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের এমন অবহেলা দুঃখজনক।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান বলেন, বিষয়টি ভুল হতে পারে, আমি দেখতেছি।