দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদঘাটন ও প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ পুরস্কারে পুরষ্কৃত হয়েছেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই দেবীগঞ্জ সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় কলেজছাত্রী সুলতানা আক্তার রত্নাকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর প্রেমিক মহাদেব রায়।
ঘটনার পর প্রাথমিকভাবে কোনো ক্লু না থাকলেও প্রবীর চন্দ্রের নেতৃত্বে নিবিড় তদন্তে আসামিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন মহাদেব রায়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল পঞ্চগড় ডা.মোঃ আসাদুজ্জামান আসাদ, আরআই পুলিশ লাইন্স পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এ বিষয়ে কথা হলে, প্রবীর কুমার সরকার বলেন, “যে কোন কাজের স্বীকৃতি দায়িত্ব বাড়িয়ে দেয়। এ পুরষ্কার প্রাপ্তিতে আমার দায়িত্ব বেড়ে গেল মনে করছি। আমাকে পুরষ্কৃত করায় সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। “একইদিনে সভায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শচীন্দ্র নাথ বনিককেও পুরষ্কৃত করে জেলা পুলিশ।
