এই দেশে যা ভালো সবকিছু বিএনপির অর্জন- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: এই দেশে যা ভালো তার সবকিছু বিএনপির অর্জন এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকায় তার নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে একটি দল। অতীতে এককভাবে সরকার চালিয়েছে, সরকারে ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপির মাধ্যমে হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, পার্লামেন্ট ফর্মে আসা, মুক্ত সংবাদ পত্রে স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা সব নিশ্চিত করেছে বিএনপি। এগুলো সবকিছুই বিএনপির ৩১ দফার মাধ্যমে আরো নিশ্চিত করেছে।

তিনি আরো বলেন, আমি এক সময় ক্রিকেট খেলতাম। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্য ছিলাম। এখন ক্রিকেট খেলিনা, রাজনীতি করি। অবশ্যই এ ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি আমাদের দেশকে অপমান করি হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। এক সঙ্গে এটাও মনে করি ছোটখাটো বিষয় গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করায় ভালো।

মহাসচিব বলেন, এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি এতে আমরা খুব উদ্বিগ্ন। আমরা মনে করি এতে সরকার ব্যর্থতা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে আমাদের মনে হয়না।‌ তবে আমরা মনে করি যে নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে আসা নিয়ে তিনি বলেন, তারেক রহমান অবশ্যই উত্তরবঙ্গে আসবেন। উত্তর বঙ্গেই তো তার পিতৃভূমি। এদিকে তার নানীর বাড়ি।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো মনে হচ্ছে। তবে নির্বাচনী প্রচারণার পরে বোঝা যাবে পরিস্থিতি কেমন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।