সোহেল তানভীর, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৬ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলার পৌর এলাকার জগথা কলপাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের (৫৭) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মকবুল বর্তমানে পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মকবুল হোসেনের বাসার পাশে শিশু কন্যাটি খেলাধুলা করছিল। সে সময় সুযোগ পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার নিজ শয়ন কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে মকবুল।
একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কিন্তু মকবুল হোসেন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। শিশু কন্যাটির অবস্থা ভালো না থাকায় তাকে তাৎক্ষণিক পীরগঞ্জ উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে।
এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ছোট এ শিশুটির উপরে পাশবিক শারীরিক নির্যাতন এবং এমন ঘৃণিত কাজের জন্য ধর্ষণকারী মকবুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা।
এ বিষয়ে অভিযুক্ত মকবুল হোসেন পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, মামলা রেকর্ড হয়েছে। আসামী ধরার অভিযান চালানো হচ্ছে।
