শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বালিয়া চরন খোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বালিয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম (বিপ্লব)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর মোঃ নাজমুল ইসলাম (বিপ্লব) বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতায় একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ নং বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোতাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল বাসেদ।
শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন যে নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে।
