ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী শোডাউন

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা। হাতে দলীয় প্রতীক নিয়ে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান জানান দেন দলটির জেলা শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন বের করে তারা। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। আয়োজিত এই বর্ণাঢ্য শোডাউনে জেলা উপজেলার নেতা ও সমর্থকরা দলের ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন। এই শোডাউনটি ছিল আগামী জাতীয় নির্বাচনের জন্য দলটির প্রচারণার অংশ হিসেবে।

শোডাউনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা সাঈদ আহমেদ সাঈফী‌, সহ সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল বিন হায়দারসহ জেলা উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা‌। শোডাউনটি শান্তিপূর্ণ পরিবেশে হলেও তা ছিল অত্যন্ত ব্যাপক এবং রঙিন, যা স্থানীয় বাসিন্দাদের নজর কাড়ে।

শোডাউন শেষে ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দলটির জেলা শাখার সভাপতি মাওলানা সাঈদ আহমেদ সাঈফী‌ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের বাংলাদেশী ইসলামপন্থীরা আমরা যেভাবে নিগৃহীত ছিলাম নির্যাতিত ছিলাম সেই জায়গা থেকে সুন্দর একটা পরিবেশ উন্মোচন হয়েছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে খেলাফত মজলিস দলটির যাবতীয় কাজ বেশ জড়োসড়োভাবে চলমান রয়েছে। 

তিনি আরো বলেন, ইতোমধ্যে সারা বাংলাদেশে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা সে হিসেবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় রিকশা প্রতীকের শ্লোগানে ঠাকুরগাঁও শহরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকের এই মোটরসাইকেল শোডাউন। বিগত বছরগুলোতে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলা হলেও সেগুলো বাস্তবায়ন হয়নি। জনগনের ভালোবাসা পেলে আমরা সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

এছাড়াও শোডাউনে দলটির জেলা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে, শোডাউনটি শহরের লোকজনসহ পথচারীদের নজর কাড়ে। সাধারণ জনগণের মধ্যে অনেকেই এই ধরনের শোডাউনকে একটি নতুন আশার প্রতীক হিসেবে দেখছেন।