ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এতিমদের নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন পালন করা হয়েছে। দুই শতাধিক এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও তাদের সাথে একবেলা খাবারের মধ্য দিয়ে মহাসচিবের জন্মদিন পালন করা হয়।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন (জুয়েল)-এর উদ্যোগে রুহিয়া ছালেহীয়া দারুচ্ছুন্নাত এতিমখানার এতিমদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে এ্যাডভোকেট জাকির হোসেন বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন উপলক্ষে আজকে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। আমরা দেখেছি জন্মদিন উপলক্ষে নানান আয়োজন করা হয়, কেক কাটা হয়। এতে অযথা খরচ করা হয়। তাই আমরা অযথা খরচ না করে এতিমদের নিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করেছি।
দোয়া শেষে ২ শতাধিক মাদ্রাসার এতিমদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান মুন্না, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
