ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির সম্পাদকের নেতৃত্বে ৩০ সনাতনীর বিএনপিতে যোগদান

সোহেল তানভীর, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে ধানের শীষের নির্বাচনী প্রচারণার সভায় বিএনপিতে যোগদান করলেন ৩০ জন হিন্দু ধর্মাবলম্বী।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে নবাগত এ সনাতন ধর্মাবলম্বীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। তারা সকলেই দলিল লেখক।

ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। 

তিনি বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা এই দেশের নাগরিক আমাদের সকলের অধিকার সমান। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিশে একসাথে সম্প্রীতির দেশ গড়ে তুলতে চাই। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিএনপিতে যোগদান করা সনাতনীদের মধ্যে সচীন চন্দ্র বলেন, আমরা এর আগে নৌকায় ভোট দিয়েছিলাম কিন্তু আমরা ছিলাম নির্যাতিত। এখন যেহেতু নৌকা নেই তাই এই দেশের উন্নয়নে এবারে আমরা ধানের শীষে ভোট দিয়ে ঠাকুরগাঁও ১ আসনে আমাদের স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করবো।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। তিনি বলেন, আমাদের দলিল লেখকদের নানান সমস্যায় আমরা সবসময় মহাসচিবের ভাই মির্জা ফয়সল আমীনকে কাছে পেয়েছি। বর্তমানে আমাদের বসার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় কাজের জটিলতা তৈরি হয়েছে। এ সমস্যা নিরসনে তারা আমাদের সহযোগিতা করবেন এ কামনা করেন তিনি। 

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন দলিল লেখক কল্যাণ সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সদস্য মানিক হোসেন, আব্দুস সালাম, এহসানুল কবির পারভেজসহ অন্যান্যরা।

এ সময় ঠাকুরগাঁও সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশেরা ও দলিল লেখক কল্যাণ সমবায় সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।