সোহেল তানভীর, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সার্কিট হাউস মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৫০ জন সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
কর্মশালাটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অস্থায়ী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের আচরণবিধি, সংবাদ সংগ্রহের নীতিমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও তিনি ভুল তথ্য ছড়ানো ও জনসাধারণকে বিভ্রান্ত করার মতো বিষয়গুলো তুলে ধরে ভুয়া তথ্য চিহ্নিতকরণ এবং সঠিক তথ্য যাচাইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব বজায় রেখে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
