জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টায় ছিল- মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই বলে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ আসন ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোন‌ ক্ষতি হতে দিবনা। আপনারা কোন ভয় করবেননা। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। 

মহাসচিব বলেন, আমরা আগে ভোট করতে পারিনি। ১৮ সালের ভোটে ছিলাম আমরা কিন্তু সে সময় আগের রাতেই ভোট হয়ে গিয়েছিল। আমরা এখন একটা সুন্দর পরিবেশ পেয়েছি যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে। 

তিনি আরো বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।

মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেওয়া হবে এবং বিভিন্ন এনজিওতে মায়েদের যে  রয়েছে তাদের সেই রন মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।

হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা কোন ভয় করবেননা। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোন‌ ক্ষতি হতে দিবনা। 

জামায়াতে ইসলাম নিয়ে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলাম খুব কথা বলতেছে‌। ১৯৭১ সালে আপনারা কোথায় ছিলেন, কাদের হয়ে কাজ করেছিলেন। ৭১ এ জামায়াতে ইসলাম পাকিস্তানের হয়ে কাজ করেছিলেন। জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।