ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল ধর্মের নামে মুনাফেকি করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি কালেশ্বরগাও গুচ্ছ গ্রামে নির্বাচনী জনসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, একটি দল বলছে ওহমাক ভোট দিলে জনগণ বেহেস্ত যাবা পারিবে। ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যাইত, তাহলে সকলে বেহেশতে চলে যাইতো।
তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছরে আমরা ভোট দিতে পারিনি। এখন সেই সুযোগ এসেছে স্বাধীনভাবে আমাদের ভোট প্রদান করার। সঠিক ভোটের মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ার এটাই সঠিক সময়।
মহাসচিব বলেন, হাসিনা নেই, পালিয়েছে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, কিন্তু যারা অন্যায় করেনি তাদের কোন শাস্তি হবে না। আমরা হিন্দু মুসলমান কোনভাবেই আলাদা নয়। সকলেই একসাথেই বসবাস করি এবং বিএনপি সকলকে নিয়েই এগিয়ে যাবে। আমরা কোন বিভাজনকে বিশ্বাস করি না। আমরাই সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করেছিলাম।
তিনি বলেন, আমি হারলেও আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও সবসময় আপনাদের পাশে থাকবো। জনগণ যদি আমাদের ভোট দেন তাহলে আমরা সকল মানুষের জন্য সমান অধিকার সমন্বয় করতে পারবো।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে, ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, কৃষক ভাইদের কৃষি কার্ড প্রদান করা হবে। বিএনপি এই অঞ্চলে প্রথম গভীর নলকূপের ব্যবস্থা করেছিল যেটা বরেন্দ্র নামে পরিচিত। সেই বরেন্দ্রর পানি দিয়ে কৃষক ফসল উৎপাদন করছে।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
